পায়েলা এক ধরনের টক মিষ্টি ফল। এই ফলটি গরমের দিনে হকারদের কাছে পাওয়া যায়। ঢাকার স্কুল কলেজের সামনে পর্যাপ্ত পরিমানে ফলটির দেখা মেলে। টিপে নরম করে খেতে হয় বলে অনেক অঞ্চলে এটিকে টিপাফলও বলা হয়। এই ফলটির ভেতর যত উপাদান রয়েছে তার মধ্যে ৬০ ভাগই আয়রন। এই ফলের অন্যান্য নামগুলো হলো- টিপফল, টিপটিপানি, লুকলুকি, পেলাগোটা, প্যালা, পায়েলা, ঝিটকি, পলাগোটা, টরফই, পানিয়ালা, পানি আমলা, পাইন্না, পাইন্যাগুলা, বেহুই ইত্যাদি। এর ইংরেজি নাম Indian plum বা coffee plum এবং বৈজ্ঞানিক নাম Flacourtia jangomas বা Flacourtia cataphracta। এটি নিচুভূমি এবং পাহাড়ি এলাকার বৃষ্টিবহুল অঞ্চলের 'উইলো' পরিবারভুক্ত বৃক্ষ।
এটি ছোট গুল্ম বা বৃক্ষ যা দশ মিটার পর্যন্ত লম্বা হতে পারে। গাছ কাঁটাযুক্ত। কাঁটাগুলো শাখান্বিত ও যুথবদ্ধ। ডালপালাতেও কাঁটা থাকে। পাতা একক, ডিম্বাকৃতি, কিছুটা লম্বাটে। অগ্রভাগ সূঁচালো। সবুজ রংয়ের পাতা কিছুটা ঢেউ খেলানো থাকে। পাতার কিনারায় সামান্য খাঁজ কাটা থাকে। গাছে মার্চ-এপ্রিল মাসে ফুল আসে। এর ফুল ছোট, সাদাটে সবুজ থেকে বেগুনী এবং সুগন্ধী। ফুল ফোটে গুচ্ছাকারে। ফল গোলাকার মার্বেলের মতো, খোসা পাতলা ও মসৃণ। কাচা অবস্থায় সবুজ। কাচা ফলও খাওয়া যায়। ফল পাকে জুলাই-আগস্ট মাসে। পাকা ফলের সংরক্ষণ গুণ ভালো। ফল পাকলে লালচে বেগুনী রঙের হয়। পাকা ফলের ভেতরটা বাদামী বা কালচে গোলাপী রঙের।
আমাদের শরীরের জন্য এই ফলটি খুবই গুরুত্বপূর্ণ। পায়েলায় রয়েছে শতকরা ৬০ ভাগ আয়রন। সালফার, ফসফেট ছাড়াও ১০ ভাগ রয়েছে ভিটামিন সি। অন্যান্য উপাদানও রয়েছে সমানভাবে।এর মধ্যে ঔষুধি গুনাগুণ ও বিদ্যমান আছে। আজকের লেখায় জানবো এই পায়েলা ফলের গুণ সমন্ধে।
আসুন তাহলে জেনে নেওয়া যাক পায়েলা ফলের গুণঃ
১। ওষুধি ফল হিসেবে পায়েলার কদর রয়েছে। এ ফল খেলে হজমশক্তি ও লিভারের কার্যকারিতা বৃদ্ধি পায়। হৃদরোগীদের জন্য এটি উপকারী, ভেষজ ওষুধের কাজ করে।
২। এই ফলের ভিটামিন সি খাবারে রুচি বাড়ায় এবং মুখের ক্ষত সারাতে কার্যকর ভূমিকা পালন করে।
.৩। পায়েলায় রয়েছে প্রচুর পরিমাণে এন্টি অক্সিডেন্ট। যা রোগ প্রতিরোধে সহায়তা করে।
.৪। এসিডিটির সমস্যা থাকলে পায়েলা খেলে দ্রুত উপকার পাওয়া যাবে।
৫। এই ফলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। শরীরে শক্তি যোগাতে পায়েলার গুরুত্ব অপরিসীম। নিয়মিত এই ফল খেলে শরীরের বিষক্রিয়া পদার্থ বের করে দেয়।
৬। এই গাছের পাতা ও ফল ডায়রিয়া রোগের প্রতিরোধক। শুকনো পাতা ব্রংকাইটিস রোগের জন্য বিশেষ উপকারী।
৭।পায়েলা গাছের শিকড় দাঁতের ব্যাথা নিরাময়ে কাজ করে। গর্ভবতী মহিলারা এই ফল খেলে আয়রনের ঘাটতি সহজেই মেটাতে পারবেন।